হরমুজ অতিক্রম করলো কাতারের দ্বিতীয় এলএনজি ট্যাঙ্কার

অনলাইন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা দুই মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে কাতারের এলএনজি ট্যাঙ্কারগুলো পুনরায় চলাচল শুরু করেছে।

ইতোমধ্যেই দেশটির প্রথম ট্যাঙ্কার ‘আল খারাইতিয়াত’ সফলভাবে পার হয়েছে। এছাড়াও দ্বিতীয় একটি কাতারি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করে পাকিস্তানের দিকে যাচ্ছে।

এলএসজি শিপিং ডেটা অনুযায়ী, ইরান ও পাকিস্তানের মধ্যকার একটি চুক্তির আওতায় কাতারের প্রথম কার্গোটি পার হওয়ার পর এবার দ্বিতীয় একটি এলএনজি ট্যাঙ্কার এখন হরমুজ অতিক্রম করছে।

তথ্য অনুযায়ী, ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন ‘মিহজেম’ নামক জাহাজটি কাতারের রাস লাফান থেকে যাত্রা শুরু করেছে। এটি বর্তমানে উত্তর-পূর্ব দিকে পাকিস্তানের পোর্ট কাসিমের দিকে এগোচ্ছে। আগামীকাল মঙ্গলবার জাহাজটি বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ‘আল খারাইতিয়াত’ নামক একটি এলএনজি ট্যাঙ্কার ইরানের অনুমোদিত উত্তর পথ দিয়ে এই জলপথ অতিক্রম করা শুরু করে। গত রবিবার সফলভাবে প্রণালিটি পার হতে সক্ষম হয়।

বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকটাই কমে যায়।

বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে কাতার থেকে। তবে চলমান সংঘাতের কারণে দেশটির গ্যাস উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং প্রধান রফতানি স্থাপনাগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে কাতারের এই ট্যাঙ্কারের চলাচল আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা আস্থা ফিরিয়ে আনতে পারে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights