টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল
স্পোর্টস ডেস্ক
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অভিষেক হয় মুমিনুল হকের। সেই অভিষেকেই তিনি ৫৫ রানের দারুণ ইনিংস খেলেন। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন এই বাঁহাতি ব্যাটার। প্রথম ১১ টেস্টেই টানা ফিফটি করে তিনি ভিভ রিচার্ডস, বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীরের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম তুলে নেন। মাত্র ১১ টেস্টে হাজার রান এবং ২৬ টেস্টে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারও তিনি।
২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে (১৭৬ ও ১০৫) দুই ইনিংসেই সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দেন মুমিনুল।
মিরপুর টেস্ট শুরুর আগে ৫ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১৪১ রান দূরে ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। দ্বিতীয় ইনিংসে তার লক্ষ্য ছিল ৫০ রান। পাকিস্তান স্পিনার নোমান আলীকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে খেলে এক রান নিয়ে তিনি পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রান।
এর মাধ্যমে তামিম ইকবাল (৭০ টেস্টে ৫১৩৪ রান) ও মুশফিকুর রহিমের (১০১ টেস্টে ৬৫৮১ রান) পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুমিনুল হক। ৭৬তম টেস্টের ১৪১তম ইনিংসে এসে এই মাইলফলক ছুঁতে তার সময় লেগেছে ১৩ বছর ২ মাস ৩ দিন।
তবে ঐতিহাসিক এই ইনিংসটি শেষ হয় ৫৬ রানে। শাহিন আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বলটি ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। ফলে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৩ সেঞ্চুরির মালিক হলেও টানা ২২ ইনিংসে সেঞ্চুরি না পাওয়া হতাশা নিয়েই ড্রেসিংরুমে ফেরেন মুমিনুল।
