ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’, মন্তব্য ট্রাম্পের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনো কার্যকর থাকলেও সেটি ‘ম্যাসিভ লাইফ সাপোর্ট’-এ আছে—অর্থাৎ খুবই নাজুক অবস্থায় টিকে রয়েছে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, ‘যুদ্ধবিরতি এখনো আছে, কিন্তু এটি অবিশ্বাস্যরকম দুর্বল।’

ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের দিকে গুলি চালিয়েছে। এ ঘটনায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইরানকে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, দেশটির ভেতরে দুটি ধারা রয়েছে—একটি ‘মধ্যপন্থী’, যারা সমঝোতায় আগ্রহী, আরেকটি ‘উগ্রপন্থী’, যারা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায়। তিনি বলেন, মধ্যপন্থীরা চুক্তি করতে মরিয়া, কিন্তু উগ্রপন্থীদের কারণে তারা চাপের মুখে আছে।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য তার কাছে ‘সবচেয়ে ভালো পরিকল্পনা’ রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, সেই পরিকল্পনার মূল শর্ত একটাই—ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবকে তিনি ‘বোকামিপূর্ণ’ বলে আখ্যা দেন। তার অভিযোগ, তেহরানের প্রস্তাবে পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি নেই।

ট্রাম্প বলেন, যুদ্ধের পরিস্থিতিতে কৌশল বদলাতে হয়, কিন্তু মূল লক্ষ্য অপরিবর্তিত—ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights