অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পোশাককর্মীর

অনলাইন প্রতিবেদক
রাজধানীর ডেমরায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পোশাককর্মী। অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন, পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামিনী খাতুন (২৪) মাতুয়াইল এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিকালে কাজ শেষে অটোরিকশায় করে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামিনীর সহকর্মী শারমিন বেগম বলেন, ছুটির পর তারা একসঙ্গে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। মাতুয়াইল সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ কামিনীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়।

নিহত কামিনী খাতুন ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights