বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ তরুণের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উদ্ধার হওয়া গুলিবিদ্ধ অজ্ঞাত তরুণের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত তরুণের নাম রিমন মিয়া (২১)। তিনি উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ফোরকান মিয়ার ছেলে।

সোমবার (১১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার মরিচাকান্দি ও উলুকান্দি সংযোগ সড়কে কলেজ মাঠের পাশ থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে রেখে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন পথচারী প্রথমে মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে নিহতের চাচাতো বোন নাহার আক্তার ঘটনাস্থলে এসে মরদেহটি রিমনের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাথমিকভাবে মরদেহের আলামত দেখে ধারণা করা হচ্ছে, রিমনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশ থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহতের নাকের ডগা দিয়ে গুলি বের হওয়ার আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights