ঈদযাত্রায় রেলওয়ের যাত্রীসেবা নিশ্চিত করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়ানুবর্তী ট্রেন চলাচল নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। একইসঙ্গে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনায় শৃঙ্খলা, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উজ্জীবিত করার মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।
মঙ্গলবার সিআরবি রেলওয়ে ভবনের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় জানানো হয়, ঈদযাত্রাকে কেন্দ্র করে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন পরিচালনায় বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইঞ্জিন, কোচ ও সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি দ্রুত সমাধানের জন্য পর্যাপ্ত যন্ত্রাংশ ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন সব বিভাগকে ঈদযাত্রা সামনে রেখে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (পূর্ব) তানভীরুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. সফিকুর রহমান, রেল শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
এদিকে, ১৩ মে থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৩ মে যাত্রার টিকিট মিলবে আজ। ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।
