উচ্চশিক্ষাকে কর্মবাজারে উপযোগী করতে গবেষণা জরুরি: ফুলবাড়ীতে প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে আয়োজিত এ সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান।
তিনি বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের উপযোগী করতে গবেষণার বিকল্প নেই। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম, দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।
সভায় জানানো হয়, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ প্রস্তুতি ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য মূল্যায়নে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ। গবেষণা কার্যক্রমটি বাস্তবায়ন করছে কনসিলিয়েরি প্রাইভেট লিমিটেড।
এ সময় ফুলবাড়ী ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শিক্ষাবিদ জেসমিন নাহার ও সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights