সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট ব্যুরো

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফেডারেশনের বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের চার জেলায় সর্বাত্মক ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সকল স্তরের পরিবহন শ্রমিকদের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

ফেডারেশনের বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতাদের অভিযোগ, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” দায়ের করা হয়েছে।

সভায় নেতারা বলেন, ঘটনার সময় অভিযুক্ত নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের একটি নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। পরে ঘটনার খবর পেয়ে তারা কদমতলী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। অথচ তাদেরই মামলায় আসামি করা হয়েছে, যা “দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন তারা। নেতারা এ ঘটনায় নিহতের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights