কখনো বিশ্বাস হারাইনি, ৯ বছর পর দলে ফিরে সান্তোস
অনলাইন ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার ডগলাস সান্তোস। সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় দলের বাইরে থাকলেও তিনি কখনোই নিজের ওপর বিশ্বাস হারাননি।
২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণজয়ী দলের সদস্য হওয়া সত্ত্বেও ডগলাস দীর্ঘ সময় সেলেসাওদের রাডারের বাইরে ছিলেন। এমনকি এক পর্যায়ে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করে সেই দেশের হয়ে খেলার প্রস্তাব পেলেও হৃদয়ের টানে তিনি ব্রাজিলের হয়ে খেলার স্বপ্নকেই অগ্রাধিকার দেন।
এই বামহাতি ডিফেন্ডার জানান, ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স তাকে মানসিকভাবে শক্ত রেখেছিল এবং কোচ কার্লো আনচেলত্তির অধীনে সুযোগ পাওয়ার পর তিনি তা দারুণভাবে কাজে লাগিয়েছেন।
শৈশবে ২০০২ বিশ্বকাপে রোনালেডোর জোড়া গোলে ব্রাজিলের শিরোপা জয়ের স্মৃতি রোমন্থন করে ডগলাস বলেন, সে সময় থেকেই সেলেসাওদের জার্সি গায়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন তার মনে দানা বাঁধে। এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে দেশের হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের খরা কাটাতে তিনি দারুণ আশাবাদী।
আনচেলত্তির আস্থার প্রতিদান দিয়ে ডগলাস এখন শুধু বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকা করতেই নয়, বরং উত্তর আমেরিকায় ব্রাজিলের সোনালি সাফল্যের সারথি হতে মুখিয়ে আছেন।
সূত্র: ফিফা
