ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির আশ্বাস ব্রাজিলের

অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন জানিয়েছে ব্রাজিল। একইসঙ্গে বাংলাদেশকে বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’-এ অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে দেশটি।

শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ব্রাসিলিয়ার ঐতিহাসিক পালাসিও দো প্লানালতোতে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশীদারত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতিকে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে বাংলাদেশের নতুন নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপদেষ্টা আমোরিম। সেই সঙ্গে বাংলাদেশকে গ্লোবাল সাউথের একটি উদীয়মান ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ব্রাজিলের দীর্ঘ ৫৩ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পর ব্রাজিল ছিল দক্ষিণ আমেরিকার প্রথম রাষ্ট্র, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

তিনি বলেন, বর্তমান সময়ে দু’দেশের সম্পর্ক কেবল বন্ধুত্বপূর্ণ নয়, বরং তা ধীরে ধীরে একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে রূপ নিচ্ছে।

দ্বিপাক্ষিক ওই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল উপদেষ্টা আমোরিমের ‘টেট-অ্যা-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ প্রতিষ্ঠার প্রস্তাব। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের উপদেষ্টা পর্যায়ে নিয়মিত একান্ত বৈঠকের একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন, যাতে দু’দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয় আরও গভীর হয়।

উপদেষ্টা আমোরিম বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ ও নিয়মিত রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত জরুরি।

জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই প্রস্তাবকে ইতিবাচকভাবে স্বাগত জানান। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা, কৌশলগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি নীতিগত সমন্বয় আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights