ভাঙ্গায় নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণের দাবিতে স্মারকলিপি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপণ ও স্বীকৃতিসহ চার দফা দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অর্থমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের আহ্বায়ক মাহমুদা হোসেন, সদস্য সচিব মিনু রানী দাসসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
স্মারকলিপিতে নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপণ ও স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি জেলা ও উপজেলায় এলাকাভিত্তিক মানসম্মত ডে-কেয়ার সেন্টার নির্মাণ, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ এবং নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পাবলিক টয়লেট ও মাতৃসদন স্থাপনের দাবি তোলা হয়।
এছাড়া নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, স্বামী নিগৃহীতা ও দুস্থ নারীদের পুনর্বাসন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানান সংগঠনের নেত্রীবৃন্দ।
ভাঙ্গা উপজেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাহমুদা হোসেন বলেন, নারীর শ্রম ও অধিকারকে মূল্যায়নের মাধ্যমে সমাজে সমতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
