জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক দুইটি ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে মোহাম্মদ আলী (২) এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন (দেড় বছর)।

জানা গেছে, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার গাজীরপাড়া গ্রামে মা লামিয়া আক্তার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশু মোহাম্মদ আলী ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ইয়ামিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সবার অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights