৬০ বছরের শিরোপা খরার অবসান ঘটাতে চান হ্যারি কেইন
অনলাইন ডেস্ক
আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের জাতীয় দলকে দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী দল হিসেবে মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার হ্যারি কেইন। ৬০ বছরের শিরোপার খরার অবসান ঘটাতে তারা অন্যতম প্রধান দাবিদার হিসেবেই খেলতে নামছেন বলেও জানান তিনি।
বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে দারুণ সময় কাটিয়েছেন হ্যারি কেইন। তার অভিজ্ঞতা এবং উদীয়মান প্রতিভার মিশ্রণ টুর্নামেন্টে নামার আগে তাদের সত্যিকারের আত্মবিশ্বাস জোগাচ্ছে। কেইন বিশ্বাস করেন, ইংল্যান্ডের সর্বকালের সেরা স্কোয়াড এবং এক বিশেষ দলীয় চেতনা তাদের বিশ্বকাপের গৌরব এনে দিতে পারে এবং শিরোপার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে।
কেইন বলেন, আমার মনে হয়, আমাদের স্কোয়াডটি এখন পর্যন্ত সেরা। তিনি উল্লেখ করেন, আমার মনে হয়, আপনি যদি প্রথম একাদশ এবং বেঞ্চ থেকে নামা খেলোয়াড়দের দিকে তাকান, তবে দেখবেন আমরা অন্যতম ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে নামছি। বিশ্বকাপে খেলার মধ্যে সবসময়ই একটা বিশেষত্ব থাকে।
এই ফরোয়ার্ড তারকা বলেন, ভেতরে একটা বিশেষ অনুভূতি হয়, বিশেষ করে যখন আপনি জেতেন। আমরা জানি বিশ্বকাপ জয় কতটা গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য নয়, সমর্থকদের এবং পুরো দেশের জন্যও। এটাই আমাদের মাঠে চালিত করে এবং আশা করি আমরা দেশের হয়ে শিরোপাটি ঘরে আনতে পারব।
কেইন আরও বলেন, তিনি তার সেরা ফর্মে আছেন এবং মূলত ম্যাচ জেতাই তাকে চালিত করে। ব্যক্তিগত রেকর্ডগুলো কেবল তখনই অর্থবহ হয় যখন সেগুলো দলকে সফল হতে সাহায্য করে। তিনি বলেন, যখন আমি আমার প্রথম গোল্ডেন বুট জিতেছিলাম, তখন আমি বেশ তরুণ ছিলাম। আমি নিজেকে এখন অনেক বেশি পরিপূর্ণ একজন ফুটবলার মনে করি।”আর সত্যি বলতে, আমার মনে হয় আমি এই মুহূর্তে আমার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছি।
সাম্প্রতিক টুর্নামেন্টের সাফল্যের ধারা বজায় রেখে বিশ্ব মঞ্চে অবশেষে শিরোপা জয়ের লক্ষ্যে থাকবে ইংল্যান্ড। দলের ঐক্য এবং ফর্ম তাদেরকে উত্তর আমেরিকায় শক্তিশালী প্রতিযোগী হিসেবে দাঁড় করিয়েছে বলে মনে করেন কেইন।
