ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব কানাডার, বেন-গভিরকে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
গাজাগামী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের আটক ও জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা।
দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আটক কানাডীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কার্নি বলেন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া কানাডীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে নিশ্চয়তা চাইতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ফ্লোটিলার আয়োজকদের তথ্যানুযায়ী, গাজামুখী ত্রাণবাহী নৌবহরে অন্তত ১১ জন কানাডীয় নাগরিক অংশ নিয়েছিলেন। মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরের কর্মীদের ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে আটক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠে এসেছে। ভিডিওটি প্রসঙ্গে কার্নি বলেন, কানাডা ইতোমধ্যে বেন-গভিরের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তিনি জানান, সহিংসতায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বেন-গভিরের সম্পদ জব্দ এবং কানাডায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই নৌবহরে অংশ নেন। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজার ওপর আরোপিত অবরোধের অংশ হিসেবে সমুদ্রপথে প্রবেশ নিয়ন্ত্রণ করে আসছে।
বিশ্লেষকদের মতে, ফ্লোটিলার কর্মীদের আটককে কেন্দ্র করে কানাডা ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র: আল-জাজিরা
