চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং-১০, ২০২৪ এর ২৮(ক) ধারা অনুযায়ী প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি। তিনি ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপিও ছিলেন।
