‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’

অনলাইন প্রতিবেদক
শনিবার (২৪ মে) বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। অনুষ্ঠান চলাকালে হঠাৎই মঞ্চে উঠে খালি গলায় নজরুলসংগীত ‘নয়ন ভরা জল গো তোমার’ পরিবেশন করেন লাইলী খালা।

ফরিদপুর শহরের মানুষের কাছে তিনি পরিচিত এক ব্যতিক্রমী চরিত্র—‘লাইলী খালা’। শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শ্মশানঘাট কিংবা হাটবাজার—যেখানেই মানুষের ভিড়, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কখনো লোকগান, কখনো পুরোনো বাংলা গান, আবার কখনো নিজের আবেগে গেয়ে ওঠেন প্রিয় কোনো সুর। তবে এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ভবঘুরে নারী।

শনিবার (২৪ মে) বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। অনুষ্ঠান চলাকালে হঠাৎই মঞ্চে উঠে খালি গলায় নজরুলসংগীত ‘নয়ন ভরা জল গো তোমার’ পরিবেশন করেন লাইলী খালা। কোনো বাদ্যযন্ত্র কিংবা আনুষ্ঠানিক প্রস্তুতি ছাড়াই তার দরদভরা কণ্ঠ মুহূর্তেই মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এক রাতের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। ভিডিওতে দেখা যায়, জীর্ণ শাড়ি পরা, খালি পায়ের এক নারী মনের গভীর অনুভূতি দিয়ে গান গেয়ে চলেছেন। তার কণ্ঠের আবেগ, উচ্চারণ আর আন্তরিকতায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

নেটিজেনদের মন্তব্যেও উঠে এসেছে মুগ্ধতা ও ভালোবাসা। একজন লিখেছেন, ‘উনার কণ্ঠটা কাজে লাগিয়ে যদি কিছু নজরুলসংগীত রেকর্ড করা যেত, তাহলে নজরুলসংগীতে নতুন মাত্রা যোগ হতো। ওনার কণ্ঠে জাদু আছে।’

আরেকজনের মন্তব্য করেছেন, ‘হৃদয়ের অতল থেকে গাওয়া এই গান অন্তর ছুঁয়ে যায়। এমন দরদ খুব কম শিল্পীর কণ্ঠে পাওয়া যায়।’

কেউ কেউ ভারতের ভাইরাল শিল্পী রানু মণ্ডরের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘সুযোগ পেলে এই প্রতিভাও দেশজুড়ে পরিচিতি পেতে পারে।’

আরেকজন মন্তব্য করেন, ‘ইনারাই প্রকৃত নজরুলভক্ত। কোনো প্রশিক্ষণ ছাড়াই কী অসাধারণ আবেগ নিয়ে গান গাইছেন! রাষ্ট্রীয়ভাবে এমন প্রতিভার মূল্যায়ন হওয়া উচিত।’

ফরিদপুরের সাধারণ মানুষের কাছেও লাইলী খালা নতুন কেউ নন। বছরের পর বছর ধরে শহরের বিভিন্ন প্রান্তে গান গেয়ে বেড়ানো এই নারীকে অনেকে ‘পথের শিল্পী’ বলেই চেনেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এবার তার কণ্ঠ পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে। অনেকেই মনে করছেন, উপযুক্ত পরিচর্যা ও সুযোগ পেলে লাইলী খালার মতো আড়ালে থাকা প্রতিভারাও দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ জায়গা করে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights