অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

অনলাইন ডেস্ক

মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। খনির ভেতরে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। খবর আনাদোলু এজেন্সি, বার্তা সংস্থা এএফপির।

সংবাদমাধ্যম দুটি জানায়, স্থানীয় পুলিশ প্রশাসনের এক বিবৃতিতে জানিয়েছে রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশে স্থানীয় সময় শনিবার ভোরে এই খনি ধসের ঘটনাটি ঘটে। ভয়াবহ এই ধসের ঘটনায় খনির ভেতরে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ প্রশাসন। নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা বলেছেন, ওই প্রদেশে প্রায় সাত হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সাথে জড়িত রয়েছেন।

পুলিশের মুখপাত্র গ্যাসপার লুইস ইনাসিও রবিবার দেওয়া এক বিবৃতিতে সাংবাদিকদের জানান, খনি ধসের পর থেকেই নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকারী দল নিরলস কাজ করে যাচ্ছে। এখনো অন্তত দুজন খনিশ্রমিক মাটির নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের জীবিত উদ্ধার করার চেষ্টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights