“যাত্রা “
হাসিনা মরিয়ম
জানিনা এ যাত্রার শেষ কোথায়,
ঝিক ঝিক ঝিক ঝিক শব্দে
অবিরাম গতিতে চলছে ট্রেন..
কতো মানুষ উঠে কতো নেমে যায়,
যার যার নির্দিষ্ট গন্তব্যে…
এদের কারো কারো মুখ সাধারণ,
স্টেশনে এতো মানুষের ভীড়ে
কিছু মুখ ভালো লাগে,
কিছু মুখ ভালো লাগা তৈরী করে,
কিছু মুখ…
অনেকদিন মনের গভীরে বিচরণ করে…
তারপর আবার অচেনা স্টেশনের মতো
মনের মাঝ থেকে হারিয়ে যায়..
এতো মুখের মাঝে আজও
নিজের প্রিয় মানুষটার মুখখানি খুঁজে পাইনি,
এক স্টেশন থেকে আর এক স্টেশন
বিরতিহীন যাত্রা…
নাহ….সেই মুখ– মনের গভীরে যাকে লালন করি
তার দেখা আজও পাইনি..
জানিনা কোথায় আছে সে..
কোন সূদুরে…
দূরে নীলিমার নীল এ ছেয়ে আছে আকাশ,
ছবির মতো গ্রামগুলো যেন ছুটে চলেছে
ট্রেনের সাথে..
কি সুন্দর ছবির মতো সাজিয়ে রেখেছে প্রকৃতি..
চারপাশে সবুজ আর সবুজ..
আমি চেয়ে আছি ভাবলেশহীন ভাবে,
সূর্যাস্তের কমলা রেশটুকু যেন
মোহনীয় কারুময়তায় ভরিয়ে দেয়
চারপাশের আবাহন..
ধীরে ধীরে অন্ধকার গ্রাস করে,
চারপাশ নিকষ কালোয় ছেয়ে যায়,
কেমন যেন এক হিম ধরা নিরবতার মাঝে
শুধু ট্রেনের ঝিক ঝিক শব্দ,
চারপাশের নীরবতাকে খান খান করে ভেঙে
ছুটে চলে তার গন্তব্যে…।
