পঙ্গু হাসপাতালে ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার সকাল নয়টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ওয়াসিম মিয়া। আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের শেরেবাংলানগর থানা সূত্রে জানা যায়, সকালে হাসপাতাল এলাকায় নিয়মিত টহলে ছিলেন আনসার সদস্য পিসি মো. মনির হোসেন, আনসার নৃপেন্দ্র চন্দ্র ও আনসার মো. টিটন মিয়া।

ডিউটির সময় হাসপাতালের ভেতরে ওয়াসিম মিয়ার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন বলে জানায় আনসার সূত্র।

পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নিকটস্থ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights