বর্জ্য অপসারণে দ্বিতীয় দিনেও ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীবাসীকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ উপহার দিতে দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য অপসারণে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ শুক্রবার (২৯ মে) সকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় তিনি বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য ও অস্থায়ী পশুর হাটের আবর্জনা দ্রুত অপসারণে জোরদার কার্যক্রম চলছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে স্বল্প সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে।
তিনি জানান, ঈদের দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৭৭৬ টন। সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।
এদিকে অস্থায়ী পশুর হাট পরিচালনায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত স্থানের বাইরে হাট সম্প্রসারণ কিংবা সড়ক দখল করে হাট পরিচালনার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানার পাশাপাশি তাদের কালোতালিকাভুক্ত করা হবে।
মো. আব্দুস সালাম আরও বলেন, ঈদ উপলক্ষে দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ডিএসসিসির বিভিন্ন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো কার্যক্রম তদারকিতে বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।
