নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাযাত্রী মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।

নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নুরজাহান (৫০), তার মেয়ে স্মৃতি আক্তার (১৮) এবং ইতি (১৫) নামে এক কিশোরী। নুরজাহানের স্বামী আইনুল হক (৬০) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরজাহান পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি চল্লিশায় যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি লোকাল বাস চল্লিশা বাইপাস মোড়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান, তার মেয়ে স্মৃতি আক্তার এবং ইতি নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন আইনুল হক, অটোরিকশাচালক রেহান মিয়াসহ আরও কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চল্লিশা বাইপাস মোড়ে গোলচত্বর ও স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights