খেলাধুলাই পারে তরুণদের বিপথগামিতা রোধ করতে, বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের ঝুঁকির কারণে বর্তমান সময়ে তরুণ-কিশোররা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। খেলাধুলাই পারে বিপথগামিতা রোধ করে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে।

আজ রবিবার (৩১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটরিয়ামে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিভাবকরা শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম।

সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন বলেন, বোদা টু স্টার ফুটবল একাডেমির সাফল্যই প্রমাণ করে যে উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এসময় উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কৃতি খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং তাদের হাতে বিজয়ী ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে একাডেমিকে নগদ অর্থ অনুদান দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, বোদা টু স্টার ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights