কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ ব্যবসায়ীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

ঈদুল আজহার ছুটিকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা—এমন প্রত্যাশা ছিল পর্যটন ব্যবসায়ীদের। সেই লক্ষ্য সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি নেয় হোটেল, মোটেল, রিসোর্টসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। তবে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল না থাকায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোঠায়। ঈদের দ্বিতীয় দিনে কিছু স্থানীয় দর্শনার্থী এলেও তা ছিল খুবই সীমিত। ফলে আবাসিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন, ফটোগ্রাফি ও সৈকতকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসাসহ পর্যটননির্ভর বিভিন্ন খাতে দেখা দিয়েছে মন্দাভাব।

স্থানীয়দের মতে, যারা এসেছেন তাদের বেশিরভাগই আশপাশের উপজেলার বাসিন্দা। তারা সকালে এসে বিকেলের মধ্যেই ফিরে গেছেন। ফলে আবাসিক হোটেলগুলোতে রাতযাপনকারী পর্যটকের সংখ্যা ছিল খুবই কম।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, পর্যটনকেন্দ্রটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। কিন্তু ঈদের ছুটিতেও অধিকাংশ প্রতিষ্ঠানের কক্ষ খালি পড়ে আছে। গড়ে মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। একই অবস্থা দেখা গেছে খাবারের হোটেল, আচারের দোকান, ঝিনুকপণ্যের দোকানসহ অন্যান্য পর্যটননির্ভর ব্যবসা প্রতিষ্ঠানেও।

প্রতি বছর ঈদের ছুটিতে সৈকত এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সৈকতের ছাতা-বেঞ্চ ব্যবসায়ী আবু ছালেহ বলেন, পর্যটক বেশি থাকলে আয়ও ভালো হয়। কিন্তু এবার ঈদের ছুটিতে পর্যটক কম থাকায় ব্যবসা ভালো হয়নি।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান সৈকতের ফটোগ্রাফার বাবু এবং আচারের দোকানদার লিমনসহ আরও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী জনি আলমগীর বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ভ্রমণ ব্যয়ের বৃদ্ধি এবং প্রচণ্ড গরমের কারণে এবার ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, ঈদুল ফিতরের সময় কিছু পর্যটক এলেও এরপর প্রায় আড়াই মাস ধরে পর্যটক খরা চলেছে। আমরা আশা করেছিলাম ঈদুল আজহায় পর্যটকের ঢল নামবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

এদিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ঈদুল আজহার ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বাড়তি নজরদারি চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights