নৌভ্রমণে গিয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন রাসেল (২২) নামে এক যুবক। ঘটনার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়াসংলগ্ন তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির আমেজে কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে তুরাগ নদীতে ভ্রমণে বের হন। নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

সঙ্গে থাকা বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়।

রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করছেন।

ঘটনার পর নদীর তীরে শত শত মানুষের ভিড় জমে। স্বজনদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনার প্রায় ২০ ঘণ্টা অতিবাহিত হলেও রাসেলের সন্ধান মেলেনি। ডুবুরি দল, স্থানীয় জেলে ও এলাকাবাসীর সমন্বয়ে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights