নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় নানাবাড়ির পাশে পরিত্যক্ত ইটভাটার পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে কণিকা (১০) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে একটি পুকুরে গোসল করতে নেমে শিশু কণিকা মারা যায়।

শিশুটির বাবার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামে। সে বিপুল আলীর মেয়ে। শিশুটি ঈদ উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে মোড়াগাছা গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিল। শিশুটি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শিশুর মামা মিলন হোসেন জানান, ঈদের পরের দিন তার বোন মিনা তার স্বামী বিপুল আলী দুই সন্তান নিয়ে বেড়াতে আসেন। বেলা ১২টার দিকে বোনের মেয়ে কণিকা ও প্রতিবেশী শিশু রবিন বাড়ির পাশের পরিত্যক্ত ইটভাটার একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে কণিকা পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা বরিন বাড়ি ফিরে কনিকার পানিতে ডুবে যাওয়ার ঘটনা জানায়। স্থানীয়রা পুকুরের গভীর পানি থেকে কনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ সায়েম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে তারা চিকিৎসা দেওয়ার সুযোগ পাননি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights