পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতরা হলেন কেকুপাড়া এলাকার আইজুল ইসলামের ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও সাথীর মা জীবিকার তাগিদে অন্যের জমিতে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। প্রতিদিনের মতো রবিবারও তিনি কাজে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালিয়ে প্রায় এক ঘণ্টা পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করেন। হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একসঙ্গে দুই ভাই-বোনের মৃত্যুতে প্রতিবেশীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন বলেন, বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights