ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাত-পা বাঁধা ও শরীরে পোড়ার দাগসহ নাসিমা (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত নাসিমা রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল্লাহর স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
পুলিশ জানায়, মরদেহটির গলায় দড়ি প্যাঁচানো ছিল। এ ছাড়া ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শরীরের পেছনের অংশে পোড়ার চিহ্নও লক্ষ করা গেছে। এসব আলামতের কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, সে বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
