‘প্রধানমন্ত্রী তার বাবার দেখানো পথেই হাঁটছেন’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের যে পথে হেঁটেছেন, যে পথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পথেই হাঁটছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা কলেজ মিলনায়তনে শ্রীপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী যাতে বিএনপির সাথে, বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। এসময় শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারি, যুগ্ম আহ্বায়ক আহসান কবিরসহ শ্রীপুর পৌর বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
