গাঙ্গুলীর নিরাপত্তা কমিয়ে আনল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার।

সরকারি সূত্রের বরাতে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার স্তর ‘জেড’ থেকে কমিয়ে ‘ওয়াই’ ক্যাটেগরিতে আনা হয়েছে। সাম্প্রতিক নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তাবলয়ে থাকা পুলিশকর্মীর সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ভারতের সাবেক অধিনায়ক।

২০২৩ সালের মে মাসে তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্তে সৌরভের নিরাপত্তা ‘জেড ক্যাটেগরি’তে উন্নীত করা হয়েছিল। সেই সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকতেন প্রায় ৮ থেকে ১০ জন পুলিশকর্মী। শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, তার বাসভবনের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। সেই সময় রাজ্যের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অন্যতম ছিল ‘জেড প্লাস’ ক্যাটেগরি। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্তরের নিরাপত্তা পেতেন। অন্যদিকে কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্য ছিল ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা। তবে পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি কাগজে-কলমে ‘জেড ক্যাটেগরি’ বজায় থাকলেও সৌরভের নিরাপত্তাবলয়ে কর্মীর সংখ্যা ধীরে ধীরে কমানো হয়েছিল। সর্বশেষ পর্যালোচনার পর সরকার আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তার স্তর এক ধাপ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: দ্য ওয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights