মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান, আটক ছয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালিমান্দ্রা বেদে পল্লীতে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া আরও একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, মুন্সীগঞ্জের উপপরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মুন্সিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর চার্লস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে ২টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights