কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ঠিক আগ মুহূর্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে পানির নিচে ব্যবহারের জন্য গোপন অস্ত্র তৈরির কথাও বলেছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন জানিয়েছে, গত বৃহস্পতিবার একটি নৌ মহড়া ও পরীক্ষা তত্ত্বাবধান করেন কিম। সফরকে ঘিরে সামরিক ও অস্ত্র কারখানা পরিদর্শনের অংশ হিসেবে তিনি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার কাং কন এ আরোহণ করেন এবং চোয়ে হিয়ন নামের আরেকটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করেন।

উল্লেখযোগ্যভাবে, কাং কন যুদ্ধজাহাজটি গত বছর পানিতে ভাসানোর সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে সেটি মেরামত করা হয় এবং আবার চালু করা হয়।

এর আগে একটি নতুন পরমাণু উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম দেশের পারমাণবিক অস্ত্রাগার দ্রুত বাড়ানোর আহ্বান জানান। তিনি ঘাটতিহীন সম্প্রসারণের ওপর জোর দেন।

আগামী ৮ থেকে ৯ জুন পিয়ংইয়ং সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছরের মধ্যে এটি হবে উত্তর কোরিয়ায় তার দ্বিতীয় সফর। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে চীন তাদের এই মিত্রকে নিজেদের বলয়ে ধরে রাখতে চাইছে।

রোদং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জোর দিয়ে বলেছেন, সম্ভাব্য পারমাণবিক হামলা প্রতিরোধে নৌ সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি স্থল, আকাশ ও সমুদ্র তিন ক্ষেত্রেই শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় কিমের সঙ্গে তার কন্যাও ছিলেন, যাকে জু অ্যা বলে ধারণা করা হয়।

২০২৫ সালের মে মাসে চংজিন বন্দরে একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে যাওয়ার ঘটনা ঘটে। সে সময় কিম এই ঘটনাকে অপরাধমূলক কাজ বলে আখ্যা দেন এবং কঠোর প্রতিক্রিয়া জানান। পরে রাজিন বন্দরে মেরামত শেষে আবার জাহাজটি চালু করা হয় এবং নাম দেওয়া হয় কাং কন।

দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র বিশ্লেষক হং মিন জানিয়েছেন, উত্তর কোরিয়া প্রথমবারের মতো ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনা প্রকাশ্যে আনল। শি জিনপিংয়ের সফরের আগে কিম সম্ভবত তাদের সামরিক সক্ষমতা দেখাতে চাইছেন।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights