ফুলবাড়ীতে গুরুত্বপূর্ণ সড়কের কাজ বন্ধ দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের

কুড়িগ্রাম প্রতিনিধি: ০৬.০৬.২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গুরুত্বপূর্ণ সড়কের ৬ মাস পূর্বে কার্পেটিং তুলে নতুন করে ইটের খোয়া বিছানো হলেও আজও পর্যন্ত কার্পেটিং না করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলগামী বিভিন্ন যানবাহনসহ মানুষদের। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের নাওডাঙ্গা পুলেরপাড় থেকে বড়ভিটা বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ দীর্ঘ ৪ কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয় প্রায় ৬ মাস পূর্বে। এটির সেসময় কার্পেটিংও তুলে নেওয়া হয়। বিছানো হয় নতুন করে ইটের খোয়া। কিন্তু এরই মধ্যে ৬ মাস অতিবাহিত হলেও কাজের কোন অগ্রগতি নেই।
নেই কোন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। ফলে দীর্ঘ এই সড়কে কাজের অগ্রগতি না হওয়ায় বেড়েছে দুর্ভোগ। প্রাপ্ত সুত্রে জানা গেছে, ফুলবাড়ী কাঁঠালবাড়ী (আরএসডি) সড়কের নাওডাঙ্গা পুলেরপাড় থেকে বড়ভিটা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সংস্কার কাজ পায় কুড়িগ্রামের এফ এইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ। সড়কটির পুনঃনির্মাণ কাজের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪শত ১৯ টাকা। কাজ শুরুর আদেশ ছিল চলতি বছরের ১৯ জানুয়ারি এবং কাজ সমাপ্তির তারিখ একই বছরের ২৪ মে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ২৫ জানুয়ারি কাজ শুরু করলেও নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও সংস্কার কাজ করছে না। ফলে সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
স্থানীয় এরশাদুল হক, সোহরাব হোসেন, সেলিম মিয়াসহ শিক্ষক ইউনুস আলী, ব্যবসায়ী রোস্তম আলী, অটোচালক সুমন মিয়া জানালেন, দীর্ঘদিন ধরে সড়কে শুধু খোয়া পড়ে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফুলবাড়ী ও বড়ভিটা বাজারে যাওয়ার একমাত্র সড়ক এটি। কাজ বন্ধ থাকায় বর্ষা মৌসুমের আগেই সড়কটির বেহাল অবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের টায়ার ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-কন্ট্রাক্টটর শরিফুল ইসলাম শরিফ জানান, সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে।
এব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ জানান, আগামী ১০ দিনের মধ্যে সড়কটির সংস্কার কাজ শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights