কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সারাদেশের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। ছয় দফা দাবি আদায়ে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে রবিবার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা।

এসময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে জানানো হয়।

ইন্টার্ণ চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবীশকাল বন্ধ করা, বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ করাসহ মোট ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা।

রবিবার সকাল থেকে সারাদেশের সরকারি বেসরকারি হাসপতালগুলোতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলন শুরু করে ইন্টার্ন চিকিৎসক ফোরাম।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের সেবা চালু রাখা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কর্মবিরতিতে গেলেও মিড লেভেলের চিকিৎসক দিয়ে আমরা সেবা অব্যাহত রেখেছি। ইন্টার্নরা কাজে যোগ না দিলে সমস্যা তো হবেই। পরিচালক তাদের সঙ্গে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights