সিসি ক্যামেরার আড়ালে চলত মাদক ব্যবসা, নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশের নজর এড়াতে বাড়ির সামনে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা চালাত এক দম্পতি। তবে শেষ পর্যন্ত সেই কৌশল কাজে আসেনি। অভিযানে ধরা পড়েছেন চক্রটির নারী সদস্য, আর পালিয়ে গেছেন তার স্বামী।

গত শনিবার রাতে সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মধ্যপাড়ার শান্তিবাগে অভিযান চালায়। এ সময় শিপা বেগম (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি জুবলী রোড এলাকার বাসিন্দা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মো. জিয়ামিন (৪২) পালিয়ে যান।

অভিযানে টিনের ঘর থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২১ হাজার ৫২০ টাকা, একটি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার (ডিভিআর) এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, প্রশাসনের গতিবিধি নজরদারিতে রাখতে বাড়ির বাইরে একাধিক সিসি ক্যামেরা বসানো ছিল।

পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, বাইরে নজরদারি রেখে ভেতরে মাদক ব্যবসা চলত। অভিযানে স্ত্রীকে গ্রেপ্তার করা গেলেও স্বামী পালিয়ে গেছে; তাকে ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights