৭ মামলায় জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলাগুলোর মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।

এর আগে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেন অধস্তন আদালত।

গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights