সুনামগঞ্জে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ধর্মপাশা সরকারি ডিগ্রী কলেজের মোড়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ধর্মপাশা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, সদস্য মজিবুর রহমান মজুমদার, বিএনপি নেতা নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, সাইফ উল্লাহ, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ইউপি সদস্য শাহানা আক্তারসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের ধর্মপাশা উপজেলা শাখার উপদেষ্টা বকুল মড়ল, সভাপতি সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, অর্থসম্পাদক নজির হোসেন, সদস্য উজ্জল সরকার প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ অন্যতম কার্যকর উদ্যোগ। একটি গাছ মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তারা আরও বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেটিকে পরিচর্যা করে বড় করে তোলাও সমান জরুরি। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে মানবসভ্যতা নিরাপদ থাকবে।’

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। আজ আমরা যে গাছ রোপণ করছি, তা আগামী দিনে ছায়া দেবে, ফল দেবে, পরিবেশকে সুরক্ষা দেবে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে। তাই প্রত্যেক মানুষকে বছরে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে তারা নতুন করে সচেতন হয়েছেন। তারা নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার অঙ্গীকার করেন।’

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।

বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার এই মহতী উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। পরিবেশবান্ধব এই কর্মসূচি তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights