হবিগঞ্জে খোয়াই নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণ এবং পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন।

এতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয় দখল ও ভরাটের কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। এসব জলাশয় সংরক্ষণ না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট আরও বাড়বে।

তারা আরও বলেন, পুরাতন খোয়াই নদী দখল ও ভরাটের কারণে তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। নদীর সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত পুনঃখননের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বাপা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights