মাদারীপুর-গোপালগঞ্জ সংযোগ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড়ব্রীজ থেকে চতুরপাড়া, মাটিভাঙা ও পূর্ব কলাগাছিয়া হালদার মোড় হয়ে গোপালগঞ্জের নিতাইবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অভাবে বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড সড়কটির ওপর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করলেও এখনো সেটি পাকা করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই কাঁচা মাটির সড়কে কাদা ও পানি জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শামীম মোল্লা তুষার বলেন, ‘সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। তখন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।’
একই এলাকার বাসিন্দা মাসুদ বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল অবস্থার কারণে অনেকেই এই এলাকায় মেয়ের বিয়ে দিতে চান না। বিয়ে-শাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও মানুষকে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয়।’
এলাকাবাসী জানান, অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে প্রায়ই চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি মুহূর্তে রোগী পরিবহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দুর্বল যোগাযোগ ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক জীবনেও।
স্থানীয়দের মতে, সড়কটি উন্নয়ন করা হলে কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর, চৌহদ্দি, পূর্ব কলাগাছিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মাদারীপুর শহরে যাতায়াত সহজ হবে। পাশাপাশি মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
এ বিষয়ে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘সড়কটি নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে প্রকল্পের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রণয়নের কাজ চলছে। ডিপিপি অনুমোদনের পর পরিকল্পনা কমিশনের ছাড়পত্র পাওয়া গেলে প্রকল্পটি ই-টেন্ডার প্রক্রিয়ায় নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।’
