দুই যুগেও সংস্কার নেই, দুর্ভোগে মানুষ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের সিংহেরকাঠি গ্রাম থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা দুই যুগের বেশি। প্রায় ২ কিলোমিটারের এ সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার জনপ্রতিনিধিদের জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির একটি অংশে অনেক আগে ইটের সলিং করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় আড়াই থেকে ৩ হাজার মানুষ চলাচল করেন। তারা দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান চান। স্থানীয় বাসিন্দা মাওলানা আবুল কালাম বলেন, বছরের পর বছর ধরে আমরা এ সড়কের দুর্ভোগ সহ্য করছি। জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন করেও সমাধান পাইনি। ছোট মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল প্যাদা বলেন, সড়কের কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হয়। অনেক সময় যানবাহন চলাচলই করতে পারে না এ সড়কে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামাল হোসেন পুতুল বলেন, বিগত সরকারের আমলে সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন হলেও সেটি বাতিল হয়ে যায়। এরপর আর সড়কটির উন্নয়ন সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত। উন্নয়ন প্রকল্পের আওতায় আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, সড়কটির বিষয়ে লিখিত আবেদন পেলে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
