ওষুধ শিল্পের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রণোদনা দেওয়া হবেx

অনলাইন ডেস্ক

ওষুধ শিল্পের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন শুল্ক ও কর সুবিধার পাশাপাশি, রপ্তানির ক্ষেত্রে বিশেষ প্রণোদনা প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে, ওষুধ শিল্পের সাফল্যের ধারাবাহিকতায় চিকিৎসা সরঞ্জাম শিল্প বাংলাদেশের নতুন রপ্তানিমুখী প্রবৃদ্ধির খাতে পরিণত হবে এবং স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন টেস্টিং ও সার্টিফিকেশন ল্যাব স্থাপন, অনলাইন লাইসেন্সিং ব্যবস্থা চালু, বিশেষায়িত মেডিকেল টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা এবং স্বল্পসুদে অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনেও সরকার বিশেষ গুরুত্ব দেবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আমদানি নির্ভরতা হ্রাসের লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসেবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, বর্তমানে দেশের অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়, যার ফলে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। অথচ দেশে সিরিঞ্জ, ব্লাড প্রেসার মেশিন, অক্সিমিটার, মেডিকেল ল্যাবের বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভেন্টিলেটর, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, হাসপাতাল বেড, ডায়াগনস্টিক কিট ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights