ববি শিক্ষার্থীর ‘থান্ডারবোল্ট’ প্রকল্পে সহায়তার আশ্বাস উপাচার্যের
অনলাইন ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পালের উদ্ভাবিত ‘থান্ডারবোল্ট’ প্রকল্পে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষার্থী সুজন চন্দ্র পাল তার উদ্ভাবিত প্রকল্পটির উদ্দেশ্য, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকালে সুজন জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্ভাবনী ও গবেষণামূলক প্রকল্প নিয়ে কাজ করে আসছেন। ‘থান্ডারবোল্ট’ প্রকল্পটিও তার গবেষণার একটি অংশ, যার মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন এবং গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচনের চেষ্টা করা হচ্ছে।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ সুজনের গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির জন্য তরুণ গবেষকদের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপাচার্য প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে প্রয়োজনীয় একাডেমিক ও গবেষণা সহায়তা প্রদানের আশ্বাস দেন। সুজন চন্দ্র পাল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক সহযোগিতা ও উৎসাহ আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।
সাক্ষাৎকালে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সোনিয়া খান সনি উপস্থিত ছিলেন।
