ব্রাজিলকে সম্মান করি, তবে লড়াইটা কঠিন করতে চাই: রবার্টসন

অনলাইন ডেস্ক

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামাকে প্রতিটি ফুটবলারের জন্য স্বপ্নের মুহূর্ত বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। বিশ্বকাপের মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়ার আগে এমন অনুভূতির কথা জানালেন তিনি।

শুক্রবার ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্টসন বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের জন্যই একটি অন্যরকম অভিজ্ঞতা।’
আগামী ১ জুলাই লিভারপুল ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দিবেন অ্যান্ডি রবার্টসন। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি।

তিনি বলেন, ‘আমি আমার পথচলাকে ভালোবাসি। এতে অনেক কঠোর পরিশ্রম ছিল, অনেক ত্যাগ ছিল। কিন্তু প্রতিটি মুহূর্তই সার্থক হয়েছি। কোনো দিন ভাবিনি আমি আমার দেশের অধিনায়ক হব। ছোটবেলায় শুধু স্বপ্ন ছিল একদিন স্কটল্যান্ডের হয়ে খেলবো।”

সাক্ষাতকারে ১৫ বছর বয়সে সেল্টিক থেকে বাদ পড়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। রবার্টসন বলেন, ‘সেই ধাক্কাই আমাকে আরও শক্ত ও দৃঢ়চেতা করে তুলেছিল। বারবার উপেক্ষিত ও কষ্টের সেই মুহূর্তগুলোই আমাকে গড়ে তুলেছে। ফুটবলে সব সময়ই বাধা আসে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি সেগুলোর জবাব কীভাবে দিবেন।”

গত বছরের নভেম্বরে হ্যাম্পডেন পার্কে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কটল্যান্ড। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো ও ব্রাজিল।

আগামী ১৩ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। এরপর তারা মুখোমুখি হবে মরক্কোর। আর মায়ামিতে অনুষ্ঠিতব্য নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে দলটি। এই ম্যাচকে সব খেলোয়াড়ের জন্য ‘স্বপ্ন’ বলে উল্লেখ করেছেন রবার্টসন।

তিনি বলেন, “আমরা নিজেদের ইতিহাস গড়তে চাই। ব্রাজিল এবং তাদের অতীত অর্জনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু সেটি আমাদের খেলায় কোনো প্রভাব ফেলবে না। তাদের বিপক্ষে খেলাটা স্বপ্নের মতো। আমরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব এবং ম্যাচটি তাদের জন্য কঠিন করে তুলতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights