বিশ্ব সংগীত দিবসে হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’
অনলাইন ডেস্ক
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বাংলার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ আয়োজন করেছে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। ‘সঙস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে।
এবারের আয়োজন উৎসর্গ করা হয় মরমি কবি, গীতিকার ও দার্শনিক দেওয়ান হাছন রাজা চৌধুরী-কে। আয়োজকদের ভাষ্য, সংগীত, গল্পকথন এবং সৃজনশীল উপস্থাপনার মধ্য দিয়ে হাছন রাজার জীবনদর্শন, আত্মঅন্বেষণ ও মরমি ভাবধারাকে সমসাময়িক দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের সংগীত পরিচালক ও কিউরেটর ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজনে হাছন রাজার জনপ্রিয় গানগুলো নতুন আবহে পরিবেশিত হয়। সন্ধ্যাজুড়ে পরিবেশিত সংগীতে উঠে আসে ‘মনের মানুষ’, আত্মচেতনা, ভালোবাসা ও বৈরাগ্যের মতো চিরন্তন বিষয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রুমানা চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতিকে শুধু সংরক্ষণ করলেই হবে না, নতুন প্রজন্মের কাছে তা নতুন আঙ্গিকে উপস্থাপন করাও জরুরি। এ ধরনের আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।
এ সময় তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য অঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মালিক মোহাম্মদ সাঈদ। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশের সমৃদ্ধ লোকসংগীতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনটির কমিউনিকেশন পার্টনার ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত ‘সঙস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ অনুষ্ঠানটি আগামী ২১ জুন রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশন-এ সম্প্রচার করা হবে।
আয়োজকদের মতে, বাংলার সংগীত, দর্শন ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত, প্রাসঙ্গিক ও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
