রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামের এক যুবদল নেতাকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ পাশর্^বর্তী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওই উপজেলার বেতাগী এলাকার বাসিন্দা ছিলেন। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিহত মাসুদ পাহাড়তলীর চৌমুহনী বাজারের একটি ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি অটোরিকশায় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে উপর্যপুরি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সেই সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তার অনুসারী নেতা-কর্মীরা ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তাদের অবরোধের কারণে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপন চৌধুরীর ছোট ভাই। তিনি চট্টগ্রাম-৭ আসনের এমপি হুম্মাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন এবং পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে কিছু পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল।
