খুলনায় মসজিদে গুলিবিদ্ধ মুসল্লি ঢাকায় ভর্তি
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার দৌলতপুরে মসজিদে গুলিবিদ্ধ মুসুল্লি লোকমান হাকিম(৫৫) এর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে চারটি গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে একটি মাথায় বিদ্ধ হয়।
সোমবার (১৫ জুন) ঢাকার এভারকেয়ার হাসপাতালে অপারেশনের পর তার গুলি বের করা হয়েছে। তবে চিকিৎসকরা ৭২ ঘণ্টা আগে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। গুলিবিদ্ধ অপর মুসল্লি আলম শেখ(৫৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পায়ে একটি গুলিবিদ্ধ হয়। তিনি শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন।
জানা যায়, রবিবার ফজরের নামাজের পর পর দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ জামে মসজিদে প্রবেশ করেন কয়েক জন দুর্বৃত্ত। এ সময় তারা লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে গুলি করে। এতে তারা রক্তাক্ত অবস্থায় মসজিদে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সময় তারা মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। লোকমান হাকিম ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও জ্বালানি তেল ব্যবসায়ী।
এদিকে মসজিদে গুলির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা করতে পারেনি পুলিশ। তবে মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। হামলার বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
