ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল: বেন-গভির

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে একপ্রকার উড়িয়েই দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাফ বলেছেন, ইসরায়েলের নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত ওয়াশিংটনে নয়, জেরুজালেমেই নেওয়া হবে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির আলোচনায় ইসরায়েল না থাকলেও দেশটিকে বেশকিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধ করতে হবে তাদের। পাশাপাশি লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেন-গভির লিখেছেন, “ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্রকে ভালোবাসি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। তবে ইসরায়েল কোনও বানানা রিপাবলিক নয়।”

দীর্ঘ বিবৃতিতে কট্টর ডানপন্থী এই মন্ত্রী আরও লিখেছেন, “ইসরায়েলের নাগরিক, আইডিএফের (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) সৈন্য এবং ইহুদি জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। পাশাপাশি হাজার বছরের নির্বাসনকালে নির্যাতিত ও নিহত ইহুদিদের প্রতি আমাদের ঐতিহাসিক দায়িত্ব হলো ইসরায়েলের ভূখণ্ডে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করা।”

আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়ে বেন-গভির দাবি করেন, অতীতের বিভিন্ন কূটনৈতিক সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা অবস্থানকে দুর্বল করেছে। তার ভাষায়, “প্রতিবারই যখন আমরা ইসরায়েলের নিরাপত্তার বিনিময়ে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করেছি, তখন সুদে-আসলে রক্তের মূল্য দিতে হয়েছে।”

এ সময় তিনি অসলো চুক্তি, ২০০৬ সালের লেবানন চুক্তি এবং গাজায় অতীতের ‘সংযম নীতির’ উদাহরণ তুলে ধরেন।

যদি এটি ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক অবস্থান হয়, তাহলে নিকট ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে তাদের বৈরিতা অবশ্যম্ভাবী। কারণ ইরান যুদ্ধের ইতি টানতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট বারবার ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বলেছেন। ইরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনার শেষ পর্যায়ে ইসরায়েল বৈরুতে হামলা চালানোয় ক্ষিপ্ত হয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচার-বিবেচনাহীন মানুষ’ আখ্যা দেন ট্রাম্প। সূত্র: সিএনএন, ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights