গোল করে গুলি চালানোর সেলিব্রেশন, বিতর্কে ইরানের প্লেয়ার
স্পোর্টস ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে গোল উদযাপন ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইরানের মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করে বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ইরান। ম্যাচে নিউ জিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ইলাইজাহ জাস্ট। অন্যদিকে ইরানের হয়ে গোল দুটি করেন রামিন রেজাইয়ান ও মোহেবি।
৬৪ মিনিটে রেজাইয়ানের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান মোহেবি। তবে গোলের পর তার বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
অনেক সমর্থক এই উদযাপনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এটি প্রতীকী প্রতিবাদ। আবার অনেকেই ফিফার কাছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ম্যাচটি ঘিরে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল। ভিসা জটিলতা, বেস ক্যাম্প পরিবর্তন এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আলোচনায় ছিল ইরান দল। ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভও হয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর।
মাঠের খেলায়ও নাটকীয়তার কমতি ছিল না। সপ্তম মিনিটে জাস্টের গোলে এগিয়ে যায় নিউ জিল্যান্ড। ৩২ মিনিটে রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে নিউ জিল্যান্ডকে এগিয়ে দেন জাস্ট। শেষ পর্যন্ত মোহেবির গোলেই ম্যাচে সমতা ফেরে।
এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড, দ্বিতীয় স্থানে ইরান। একই দিনে অন্য ম্যাচে ড্র হওয়ায় চার দলই সমান পয়েন্ট নিয়ে অভিযান শুরু করেছে।
সূত্র: গোল ডটকম
