‘জার্সির দাম বুঝতে হবে’, ফরাসি কোচের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের দায়িত্ব ও প্রত্যাশা সম্পর্কে খেলোয়াড়দের সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। দীর্ঘ ১৪ বছর ধরে দলটির দায়িত্বে থাকা এই কোচ জানিয়েছেন, জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া মানে জার্সির মর্যাদা বোঝা এবং সর্বস্ব উজাড় করে দেওয়া।

বিশ্বকাপের আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আমরা ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছি, ২০২২ সালে ফাইনাল খেলেছি। তাই সমর্থকদের প্রত্যাশা থাকবেই। তবে এই শিরোপা জিততে পারে ১০-১২টি দল। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবে মাত্র একটি।’

তিনি আরও বলেন, তার দলে প্রতিভা ও অভিজ্ঞতার অভাব নেই। গোলরক্ষক উগো লরিসের পর এবার অধিনায়কত্ব পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যাকে তিনি দারুণ নেতা হিসেবে আখ্যা দেন। নতুন খেলোয়াড়দের উদ্দেশে দেশমের বার্তা, ‘ফ্রান্স দলে সুযোগ পাওয়া মানে জার্সির মূল্য বুঝতে হবে। এখানে তোমাকে সর্বস্ব দিতে হবে, বিনিময়ে কিছু নাও পেতে পারো।’

দেশমের অধীনে ফ্রান্স দলে ব্যক্তিগত ইগোর কোনো জায়গা নেই। দলীয় ভারসাম্য ও পারস্পরিক বোঝাপড়াকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ২০২২ বিশ্বকাপ ফাইনালে পিছিয়ে থেকেও দলকে ঘুরে দাঁড় করানোর উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘ টুর্নামেন্টে ভারসাম্যই সাফল্যের চাবিকাঠি।

আসন্ন ম্যাচে প্রতিপক্ষ সেনেগালকে নিয়েও সতর্ক দেশম। তার ভাষায়, ‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। প্রতিপক্ষও শক্তিশালী। আমাদের শতভাগ দিতে হবে, এর বিকল্প নেই।’

এদিকে বিশ্বকাপ শেষে দেশমের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। ইতালির জাতীয় দল বা রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ ৫৭ বছর বয়সী এই কোচ।

দেশম বলেন, ‘ক্লাব পর্যায়ে অনেক শিরোপা জিতেছি, কিন্তু বিশ্বকাপই শেষ কথা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বড় কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights