সাত গোল হজম করেও গিনেস বুকে কুরাসাও

জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হার দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে কুরাসাও। তবে মাঠের হতাশার মাঝেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে তারা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, প্রায় ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা নিয়ে কুরাসাও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা এ পর্যন্ত কোনো দেশের ক্ষেত্রে সর্বনিম্ন। এ উপলক্ষে কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার হাতে আনুষ্ঠানিক সনদও তুলে দেওয়া হয়েছে।

কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে কুরাসাও। অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে দলটি ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে।

এর আগে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল আইসল্যান্ডের। প্রায় সাড়ে তিন লাখ মানুষের দেশটি ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়ে আলোড়ন তুলেছিল। কিন্তু মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপ কুরাসাও সেই রেকর্ড অনেক দূরে সরিয়ে দিয়েছে।

জার্মানির বিপক্ষে ম্যাচেও স্মরণীয় এক মুহূর্ত উপহার দেয় কুরাসাও। পিছিয়ে পড়ার পর লিভানো কোমেনেনসিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। সেটিই ছিল বিশ্বকাপের মূল পর্বে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল। যদিও পরে জার্মান আক্রমণের সামনে আর টিকতে পারেনি তারা। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানে হারতে হয় নবাগত দলটিকে।

এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কুরাসাওয়ের। আগামী শনিবার তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। প্রথম ম্যাচে দুই দলই হেরে যাওয়ায় জয় তুলে নেওয়ার লড়াইটা হবে আরও গুরুত্বপূর্ণ। আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরেছে ইকুয়েডরও। ফলে দ্বিতীয় ম্যাচে দুদলের সামনেই থাকছে বিশ্বকাপে প্রথম পয়েন্ট কিংবা প্রথম জয়ের হাতছানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights