বরিশালে বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের ভুখা মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বকেয়া মজুরি, ভাতা পরিশোধের দাবিতে বরিশালে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন একটি কারখানার শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটক থেকে শুরু হওয়া ভুখা মিছিলটি গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।

মিছিল শেষে রূপাতলী গোলচত্বরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল, সার্ভিস বেনিফিট পরিশোধ এবং কারখানা বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের চাকরি ও স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা না পেয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন কারখানাটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights